বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘এআই ফিউচার স্কিলস সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্রযুক্তি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ করে তুলতে বাংলাদেশ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘এআই ফিউচার স্কিলস সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ ইউনিভার্সিটিতে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং এবিসিএল আইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার মশিহা বেগম শুভ্রার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন হুমায়ুন কবির, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এনামুল আজিজ এবং এবিসিএল আইটির প্রতিনিধিবৃন্দ—সিলভিয়া সেলিম, আওয়াল ইমাম, ওসমান গনি, ফারহানা জাহান শারমিন ও তাসলিমা জাহান চৈতি।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এনামুল আজিজ তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি এআই ও আধুনিক প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এবিসিএল আইটির প্রতিনিধি সিলভিয়া সেলিম তাঁর শুভেচ্ছা বক্তব্যে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এআই, ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তির পরিবর্তনশীল ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এরপর অনুষ্ঠিত হয় সেমিনারের মূল আকর্ষণ টেকনিক্যাল সেশন। সেশনটি পরিচালনা করেন এবিসিএল আইটির ডিরেক্টর ওসমান গনি। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়।
টেকনিক্যাল সেশনে শিক্ষার্থীরা কীভাবে এআই ও ডিজিটাল প্রযুক্তিকে পড়াশোনা, গবেষণা, দৈনন্দিন কাজ এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে কার্যকরভাবে ব্যবহার করতে পারে, তা বিভিন্ন উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি পরিবর্তনশীল কর্মবাজারে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়—প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, অভিযোজন ক্ষমতা এবং নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আলোচনায় উল্লেখ করা হয়।
সেশনের সমাপনী বক্তব্যে এবিসিএল আইটির ডিরেক্টর আওয়াল ইমাম শিক্ষার্থীদের এআই ও ডিজিটাল মার্কেটিংসহ আধুনিক দক্ষতা অর্জনের পাশাপাশি প্রযুক্তির দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার শেখার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে শিক্ষার্থীদের এখন থেকেই নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
সেমিনারের শেষ পর্যায়ে বাংলাদেশ ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, এআই ও ভবিষ্যৎ দক্ষতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সময়োপযোগী এ আয়োজন সফল করতে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এবিসিএল আইটি টিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে এ ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘এআই ফিউচার স্কিলস সেমিনার ২০২৬’-এর মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং অর্জিত জ্ঞান শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকরভাবে প্রয়োগ করতে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।