বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী পেলেন ডিএমপি কমিশনার অ্যাওয়ার্ড।
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী মুনতাসির রাব্বি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত “রোড সেফটি স্লোগান কনটেস্ট ২০২৫”-এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এ উপলক্ষে তাঁকে “অতিরিক্ত ডিএমপি কমিশনার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
প্রতিযোগিতাটি ২০২৫ সালের ২৪ জুন ডিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা শহরের ১৬টি বিদ্যালয় ও ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষ, তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনতাসির রাব্বির স্লোগান ছিল— “ট্রাফিক আইন মেনে চলবো, নিজেই নিজের সুরক্ষা হবো।” এই স্লোগানের মাধ্যমে তিনি সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন এবং বিচারকদের দৃষ্টি কাড়েন।
প্রতিযোগিতাটির আয়োজন করে ডিএমপি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), যা ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের একটি অংশ। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে পোস্টার ও স্লোগান তৈরির মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বিইউ পরিবারের পক্ষ থেকে মুনতাসির রাব্বিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এমন অর্জনের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Bangladesh University
