বাংলাদেশ ইউনিভার্সিটির ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘লিগ্যাল লিজেন্ড’।
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম ইন্ট্রা লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৫৩তম ব্যাচের ‘লিগ্যাল লিজেন্ড’ ডিবেট দল। আজ বৃহস্পতিবার (২৯ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা একই বিভাগের ৫৪তম ব্যাচের ‘ইরিপ্রোচেবল’ দলকে পরাজিত করে এ সম্মান অর্জন করে।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের যুক্তি, বিশ্লেষণ ও আইনি দক্ষতার ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন হয়। বিজ্ঞ বিচারকমণ্ডলী নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিজয়ী দলের নাম ঘোষণা করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মাহাবুবুল হক। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,
“আইনশাস্ত্রের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আল-আমিন হোসাইন, হেড অব চেম্বার, দ্য ডিফেন্স কাউন্সিল, মোল্লাহ মো. আশরাফ আল ইমরান, প্রভাষক, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, মিস রিচিতা আকতার, প্রভাষক, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যাডভোকেট কে এম নাসির উদ্দিন, অ্যাসোসিয়েট, লিগাল পয়েন্ট।
উল্লেখ্য, গত ২৩ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ১২টি দল অংশগ্রহণ করে।
